প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মানুষ পরিবর্তন না চাইলে জুলাই গণঅভ্যুত্থান হতো না। মানুষ না চাইলে এ প্রক্রিয়ায় দেশ চলতো না। অনেকেই বলেন, গণভোটের প্রতীক কি? গণভোটেরও প্রতীক আছে। সেই প্রতীক টিক চিহ্ন। সকলে টিক চিহ্ন দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দিন। এই গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ […]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মানুষ পরিবর্তন না চাইলে জুলাই গণঅভ্যুত্থান হতো না। মানুষ না চাইলে এ প্রক্রিয়ায় দেশ চলতো না। অনেকেই বলেন, গণভোটের প্রতীক কি? গণভোটেরও প্রতীক আছে। সেই প্রতীক টিক চিহ্ন। সকলে টিক চিহ্ন দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দিন। এই গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য হয়ে থাকবে।
সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে- এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।
অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান।










