গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্যে ভাঙনের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই দম্পতি চলতি বছরের শুরুতেই জানালেন বিচ্ছেদের দুঃসংবাদ। বিয়ের কয়েক মাস না যেতেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আকস্মিক এই খবরে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ‘কেন […]

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্যে ভাঙনের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই দম্পতি চলতি বছরের শুরুতেই জানালেন বিচ্ছেদের দুঃসংবাদ। বিয়ের কয়েক মাস না যেতেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আকস্মিক এই খবরে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ‘কেন এমন হলো?’—এই প্রশ্নে ভরে যায় ফেসবুক টাইমলাইন। তাহসানের ঘনিষ্ঠ কয়েকজনের ভাষ্য অনুযায়ী, এই বিচ্ছেদের মূল কারণ মনস্তাত্ত্বিক। আরও স্পষ্ট করে বললে, সময়ের সঙ্গে দুজনের জীবনদর্শন ও মানসিক অবস্থান ভিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, গত জুলাই মাস থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিষয়টি নিশ্চিত করে তাহসান খান বলেন, ‘যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা এখন আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা আছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেব।’
তবে বাস্তবের এই দূরত্বের ছাপ এখনো রোজা আহমেদের সামাজিক মাধ্যমে স্পষ্ট নয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো পিন করা রয়েছে তাহসানের সঙ্গে বিয়ের ছবি। দেশ-বিদেশে ঘোরার স্মৃতির ছবিগুলোও সেভাবেই রাখা আছে। এতে অনেকেই ধারণা করছেন, রোজা হয়তো এখনো এই সম্পর্কের পূর্ণ সমাপ্তি মেনে নিতে চাননি কিংবা পুনর্মিলনের আশায় অপেক্ষা করছেন।
এদিকে নেটিজেনদের একাংশের ধারণা ছিল, ধর্মীয় কারণে তাহসান গান ছেড়ে দিয়েছেন এবং সেটিই সম্পর্কের ভাঙনের বড় কারণ। যদিও তাহসানের ঘনিষ্ঠরা বলছেন, বিষয়টি এত সরল নয়। গান ছেড়ে দেওয়া ও সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া—এই দুই সিদ্ধান্তই তাহসানের ব্যক্তিগত জীবনযাপনের অংশ। তিনি চেয়েছিলেন আরও নিরিবিলি, আড়ালঘেরা একটি জীবন।
অন্যদিকে, বিয়ের পর রোজা আহমেদের পরিচিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি বেড়ে যায়। তিনি সেই আলোচনাকে উপভোগ করছিলেন। শুরুতে দুজনই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ায় শেষ পর্যন্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্যের ইতি ঘটে ২০১৭ সালে। তারও প্রায় দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের একটি কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।
তাহসান ও রোজার পথ কি আবার কখনো মিলবে—সে প্রশ্ন এখনো রয়ে গেছে। তবে বর্তমান বাস্তবতায়, দুজনই নিজেদের মতো করে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।










